বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অভিনব কায়দায় পাচারের সময় পরিত্যক্ত লেবুভর্তি বস্তা তল্লাশি করে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এই বিশাল চালানের সন্ধান পায়। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়কের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিলের ব্রিজের নিচে অভিযান চলায়। তল্লাশিকালে ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি লেবুভর্তি বস্তার ভেতর থেকে ১০টি প্যাকেটে নিখুঁতভাবে লুকানো ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। তবে তল্লাশি বা অভিযানের সময় মাদক কেনাবেচা বা পাচারের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা ইয়াবার এই চালানটি পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ ডায়েরিতে (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ মাদকের অনুপ্রবেশ পুরোপুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান যে দেশের সীমান্ত রক্ষা, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র-গুলি চোরাচালান বন্ধের পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে এবং সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে এ ধরনের কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন