গাজীপুরের টঙ্গীতে কথা বলার অপরাধে ওসমান গণি নাঈম (৯) নামে প্রথম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছেঁকা দিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম রাব্বি হোসেন মোস্তাকিন (২৪)।
রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতার করে।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিশু ওসমান গণি নাঈম টঙ্গীবাজার নোয়াখালী পট্টির মিফতাহুল উলুম মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। গত বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে হোস্টেলের পঞ্চমতলায় ঘুমাতে যাওয়ার আগে সহপাঠীদের সঙ্গে কথা বলছিল নাঈম। সেই সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন। ছাত্রদের কথা বলার শব্দে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক নাঈমকে ডেকে নেন এবং জামাকাপড় ইস্ত্রি করার গরম ইস্ত্রি দিয়ে শিশুটির নিতম্বে ছেঁকা দেন।
পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদ্রাসা থেকে বাড়ি নিতে এলে শিশুটির শারীরিক অবস্থা ও নির্মম নির্যাতনের বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে শারীরিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ শেষে রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ভুক্তভোগী শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে মামলা রজু করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।