ইসরায়েলের নতুন সরকার গঠনের জন্য আগামী রবিবার কোনো এক প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এদিকে সংখ্যাগরিষ্ঠতার চাবিকাঠি ফিলিস্তিনি নাগরিকদের দলগুলোর হাতে থাকলেও রাজনৈতিক জটিলতা ও নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে দেশটিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইসরায়েলের রাজনীতিতে দীর্ঘ অচলাবস্থা ও ক্ষমতার পালাবদলের হাওয়া বইছে। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানিয়েছেন, আগামী রবিবার তিনি একজন সংসদ সদস্যকে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেবেন। সাম্প্রতিক পরামর্শসভায় ১২০ সদস্যের নেসেটের ৬৭ জন আইনপ্রধাতা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইজেনকোটকে সমর্থন জানালেও তা নিয়ে রাজনৈতিক সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার শেষ হওয়া দলীয় প্রধান ও প্রেসিডেন্টের পরামর্শ সভায় নেতানিয়াহুকে সমর্থন করেছেন মাত্র ৪৬ জন সদস্য। নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ দল সামরিক সেবা থেকে অর্থোডক্স ইহুদিদের ছাড় দেওয়ার দাবিতে অনড় থাকায় তারা সমর্থন স্থগিত করে, ফলে নেতানিয়াহুর ব্লকের আসন সংখ্যা ৫৩ থেকে নেমে ৪৬-এ ঠেকেছে।
অন্যদিকে, আইজেনকোট সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেলেও, এর বড় একটি অংশ এসেছে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর কাছ থেকে। অক্টোবরের নির্বাচনে রেকর্ড ১৯টি আসন জিতেছে এসব দল। তবে আইজেনকোট আগেই ফিলিস্তিনি দলগুলোকে সরাসরি সরকারে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
বর্তমানে দলগুলোর আসন বিন্যাস অনুযায়ী,
নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোটের রয়েছে ৫৩টি আসন।
আইজেনকোটকে সমর্থনকারী চার্লি ইহুদি নেতৃত্বাধীন দলের রয়েছে ৪৮টি আসন।
ফিলিস্তিনি বা আরব নেতৃত্বাধীন দলগুলোর রয়েছে ১৯টি আসন।
কোনো একক জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুকরি ৬১টি আসন অর্জন করতে না পারায় প্রেসিডেন্ট হারজোগ জানিয়েছেন, দৃশ্যত সংখ্যাগুলো পরিষ্কার মনে হলেও দলগুলোর মধ্যকার ‘মিউচুয়াল ভিটো’ বা পারস্পরিক অনাস্থার কারণে সরকার গঠন বেশ চ্যালেঞ্জিং হবে। আইজেনকোট যদি দুটি অতি-অর্থোডক্স দল,ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস-কে নিজের পক্ষে টানতে পারেন, তবেই কেবল তিনি ৬১টি আসনে পৌঁছাতে পারবেন।
তবে ফিলিস্তিনি দলগুলোর সমর্থন নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্তে দলগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখছেন আইজেনকোট। অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি সতর্ক করে বলেছে, আরব দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক।
বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত যদি কোনো প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হন এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা নেতানিয়াহুর পক্ষেই সুবিধা বয়ে আনতে পারে। তবে ফিলিস্তিনি নাগরিক ও বিরোধী দলগুলোর প্রধান লক্ষ্য যেকোনো মূল্যে নেতানিয়াহু ও তাঁর কট্টর মিত্রদের শাসনের অবসান ঘটানো। এখন দেখার বিষয়, রবিবারের ঘোষণায় প্রেসিডেন্ট হারজোগ কার হাতে ক্ষমতার চাবি তুলে দেন।