জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের পর টাইগারদের সামনে এখন সরল হিসাব, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাও। নেট রান রেটের লড়াইয়ে পিছিয়ে আছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালের পথ কঠিন হয়ে গেছে টাইগারদের। আজ বাঁচা মরার ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। পয়েন্ট তালিকায় নেট রান রেটে সবার ওপরে তারা, ৩.১৬০। এক জয় ও এক হার নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে, তাদের নেট রান রেট -০.৫৯০। আর এক ম্যাচ হেরে -১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ।
আজ আগে ব্যাটিং করলে ফাইনালের আশা বাঁচাতে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। পরে ব্যাটিং করলে হিসাবটা লক্ষ্য অনুযায়ী বদলাবে। যেমন ২০০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪০.২ ওভারের মধ্যে, ২৫০ রানের লক্ষ্য হলে ৪১.৩ ওভারের মধ্যে। আফগানিস্তান বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও তাদের ফাইনালে ওঠার সুযোগ থেকে যাবে, তবে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে যাওয়ার সুযোগ তৈরি হবে।
ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২২ বার, জয় সমান সমান ১১টি করে। তবে সাম্প্রতিক ইতিহাস আফগানদের পক্ষে, সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জিতেছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে শারজাহ ও আবুধাবির মাঠে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত অথবা মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
মন্তব্য করুন