বাংলাদেশে ডেঙ্গুর চলমান প্রকোপ কার্যকরভাবে মোকাবিলা করতে রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি সহায়তা হিসেবে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাজধানীতে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট এই টেস্ট কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এই কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু টেস্ট কিটগুলো দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ দিয়ে জানান যে, এগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে এবং পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদার ভিত্তিতে দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে সরবরাহ করা হবে। মন্ত্রী আরও আশ্বস্ত করেন যে, নতুন প্রাপ্ত কিটের পাশাপাশি সরকারি খাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে, যা দেশের যেকোনোপ্রান্তে ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে যথেষ্ট। এছাড়া দেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং গ্যাভির সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন