কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সামুদ্রিক নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব যেকোনো মূল্যে খোলা রাখার জোরালো আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্ব অর্থনীতির মূল ধমনী হিসেবে পরিচিত এই জলপথগুলো সচল রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই দাবি জানান।
ভাষণে শাহবাজ শরিফ উল্লেখ করেন, চলতি বছরের শুরুতে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্য ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছিল, যার ফলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলো চরম ঝুঁকির মুখে পড়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এবং উভয়পক্ষকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান তিনি। এছাড়া ফিলিস্তিনের গাজায় চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন।
কাশ্মীর ইস্যু তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী একে দেশের ‘জুগুলার ভেইন’ বা অস্তিত্বের অংশ বলে অভিহিত করেন এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভারতকে ভবিষ্যতে আর কোনো সামরিক দুঃসাহসিকতা বা ‘ভুল’ না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন শাহবাজ শরিফ। বিশ্বশান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং জাতিসংঘ সনদের আদর্শ বাস্তবায়নে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথাও তিনি বক্তব্যে তুলে ধরেন।
মন্তব্য করুন