রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা প্রায় এক হাজার জনকে আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, থানায় দায়ের করা তিনটি মামলার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাদী হয়ে গাড়ি পোড়ানোর অভিযোগে একটি, পুলিশ বাদী হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে আরেকটি এবং ট্রাফিক পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। প্রতিটি মামলায় চার থেকে পাঁচশ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের থানায় সিটি করপোরেশনের পক্ষ থেকে গাড়ি পোড়ানোর অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে চার থেকে পাঁচশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার সকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের সময় ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি মার্কেটে আগুন লাগার পর স্থানীয় দোকানি ও হকাররা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশন ও পুলিশের ওপর চড়াও হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মন্তব্য করুন