দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হকের স্ত্রী জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব ফ্রিজ (বরখাস্ত) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আদালতে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে আসামিদের নামে প্রায় ১৭২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে এবং তাদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক পিএলসির বনানী শাখায় জেবুন্নেসা বেগম হকের একটি টিডি হিসাবে প্রায় চার কোটি ৯১ লাখ টাকা রয়েছে এবং এই অর্থ স্থানান্তরের চেষ্টা চলছে বলে জানায় দুদক। মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধলব্ধ অর্থ সুরক্ষার স্বার্থে আদালত এই ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।
মন্তব্য করুন