ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এক সাংবাদিকসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় এক বছর ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল নিয়মিত এই সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, বুধবারের (৩০ সেপ্টেম্বর) এসব হামলায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও অন্তর্ভুক্ত রয়েছেন, যার মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের তালিকায় ২৬৩ জন সাংবাদিক যুক্ত হলেন।
পৃথক ঘটনায় গাজা সিটির দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ইসরাইলি ড্রোন হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলায় গুরুতর আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন বছরের পর বছর চলা অবরোধ ও ধ্বংসযজ্ঞের ফলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় আহতদের জীবন বাঁচানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এছাড়া গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে আবাসিক ভবন এবং দক্ষিণ গাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির কথা বলা হলেও গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে এবং মোট আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার। জাতিসংঘের তথ্যমতে, চলমান হামলায় গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
মন্তব্য করুন