সরকার গঠনের প্রথম দিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করে আসছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিরোধী দলের এই অসহযোগিতার সুযোগ নিয়েই কেউ কেউ (আওয়ামী লীগ) ডিসেম্বরে ফিরে আসতে চাইছে। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত এবং লংমার্চের মতো কর্মসূচি না করত, তবে তারা এই সুযোগ পেত না।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, তারা সংসদে এক ধরনের ভালো কথা বললেও বাইরে এসে ভিন্ন আচরণ করছে। গত ১৭ বছর যারা দেশজুড়ে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তারা এখন বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে আবার পালিয়ে যাচ্ছে এবং মূলত বিরোধী দলের আন্দোলনের কারণেই তারা সেই সুযোগ পাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাবিতে বিরোধী দলের লংমার্চের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশ একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে; দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সবকিছু রাতারাতি সমাধান করা সম্ভব নয়। রোডমার্চের নামে তেল পুড়িয়ে রাস্তাঘাট অবরুদ্ধ করে সাধারণ মানুষ ও অসুস্থ রোগীদের কষ্ট দেওয়া কোনোভাবেই সহযোগিতাপূর্ণ রাজনৈতিক আচরণ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
বিএনপিকে চাপে রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চলছে উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ত্যাগের ফলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের ক্ষতি বা দেশের কোনো ধরনের অস্থিতিশীলতা বিএনপি ও তারেক রহমানের সরকার বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন