নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল। গত শুক্রবার যশোর থেকে দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে মাইক্রোবাসযোগে ফেরার সময় ভোরে পুলিশ ওই গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, আটককৃতদের মোবাইল ফোন তল্লাশি করে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন