ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর চার থেকে পাঁচ দিন পর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাঞ্জাবের লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে মৃতাবস্থায় পাওয়া যায় গায়ক বলজিৎকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানার ওপর পচন ধরা মরদেহ দেখতে পায়। এছাড়া মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বলজিতের বোনের ধারণা, এর আগে হার্ট অ্যাটাক হওয়ায় এবারো হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।
মন্তব্য করুন