প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলমান থাকলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে হাজারো সমস্যা থাকতে পারে, তবে আলোচনার পথ কখনো বন্ধ রাখা যাবে না এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকেই সরকার প্রধান অগ্রাধিকার দিচ্ছে। জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, এটি কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে না, বরং দেশের প্রয়োজন রয়েছে বলেই তা কেনা হচ্ছে এবং ভবিষ্যতে আরও কেনা হতে পারে।
মালয়েশিয়ায় শ্রমবাজারের সিন্ডিকেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, অতীতের অনিয়মের কারণে শ্রমশক্তি রপ্তানিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল, বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং এখন ধাপে ধাপে দক্ষ জনশক্তি পাঠানো হবে। মক্কা চুক্তি বা একাধিক নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ যেখানেই অনুকূল হবে, বাংলাদেশ সেই পথেই হাঁটবে। সিলেটে আয়োজিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
মন্তব্য করুন