জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও প্রতিস্থাপনের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
সভায় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-কর্মকর্তারা অংশ নেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জাতীয় সংসদের বিদ্যমান পুরোনো সাউন্ড সিস্টেম সম্পূর্ণ পরিবর্তন করে বিশ্বমানের আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে বিশ্ববাজারের আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিকল্প, কারিগরি সক্ষমতা এবং সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরা হয়।
উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য, নিখুঁত কার্যকারিতা এবং জাতীয় সংসদের মূল কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংসদের অডিও সিস্টেমকে আরও ত্রুটিমুক্ত ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় মতামত ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন