জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গউছ। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
মোহাম্মদ জি কে গউছকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন—মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ। পরিবেশ ও জলবায়ু বিষয়ক এই সংসদীয় কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহি নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করবে। উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য করুন