চট্টগ্রামের মীরসরাইয়ে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে রাখা এবং ১ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মাহবুব উর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ রেলওয়ের জমি ইজারার নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত অংশ অবৈধভাবে দখল, পুকুর ভরাট করে শ্রেণি পরিবর্তন এবং সরকারি ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামি মাহবুব উর রহমান চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার (১৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় মামলাটি করেন। চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, মীরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলী মৌজায় বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে চুক্তি অনুযায়ী মাত্র শূন্য দশমিক ৭৪ একর জমি ইজারা নিয়েছিলেন মাহবুব উর রহমান। কিন্তু বাস্তবে সরেজমিনে তিনিসংস্থার ২ দশমিক ২৮ একর জমি অবৈধভাবে নিজের শক্ত দখলে রেখেছিলেন। অতিরিক্ত ১ দশমিক ৫৪ একর জমি অন্যায়ভাবে দখল করে নিজের বাণিজ্যিক কারখানার কাজে ব্যবহারের পাশাপাশি, সরকারি সনদে 'পুকুর' হিসেবে থাকা জমি অনুমতি ছাড়াই ভরাট করে শ্রেণির পরিবর্তন ঘটানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালে পরিবেশবান্ধব ব্লক কারখানা নির্মাণের কথা বলে রেলওয়ের কাছে ৩ দশমিক ৭৫ একর জমি দীর্ঘমেয়াদি ইজারা চান মাহবুব উর রহমান। তবে চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগেই তিনি সেখানে একাধিক আধাপাকা কারখানা ও দ্বিতল ভবন নির্মাণ করেন। পরবর্তীতে ২০১৮ সালে তাঁকে আনুষ্ঠানিকভাবে শূন্য দশমিক ৭৪ একর জমির লাইসেন্স দেওয়া হয়। কিন্তু তিনি ক্ষমতার দাপটে ইজারা বহির্ভূত জমিতে কারখানা, বিশাল অফিস ভবন, মসজিদ ও পানির ট্যাংকি নির্মাণ করে পুরো এলাকা দখলে নেন।
দুদকের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত দখলকৃত ২ দশমিক ২৮ একর জমির বিপরীতে সরকারি ভ্যাট ও আয়করসহ মোট ইজারা পাওনা দাঁড়ায় ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৬৪৬ টাকা। কিন্তু তিনি পরিশোধ করেন মাত্র ৪৪ লাখ ৯৫ হাজার ৫২৯ টাকা। বাকি ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার ১১৭ টাকা ফাঁকি দিয়ে আত্মসাৎ করার দায়ে তাঁর বিরুদ্ধে মামলাটি রুজু ক