পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে আদালতে চূড়ান্তভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের শাস্তি কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে চাঞ্চল্যকর এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে এই দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বশীর এবং সিতি আক্তার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মক্কার একটি পবিত্র মসজিদের অভ্যন্তরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে। পরবর্তীতে মামলাটির দীর্ঘ তদন্ত ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল করা হয়।
মামলাটি বিচারিক আদালতে শুনানি ও পর্যালোচনার জন্য পাঠানো হলে অপরাধের গুরুত্ব এবং পবিত্র উপাসনালয়ের মর্যাদা ও পবিত্রতা লঙ্ঘনের বিষয় বিবেচনা করে আদালত উভয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে উচ্চতর আদালত কর্তৃক সাজা বহাল রাখা হলে রাজকীয় ফরমানের ভিত্তিতে গত বুধবার নজরুল ইসলাম ও সিতি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা, বিচার ব্যবস্থা অক্ষুণ্ন রাখা এবং পবিত্র উপাসনালয় ও ইসলামের মর্যাদা ক্ষুণ্নকারী অনৈতিক অপরাধ প্রতিহত করতে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে দেশটির কতৃপক্ষ।
মন্তব্য করুন