প্রতিবেশী কোনো দেশ যদি ক্রমাগত সন্ত্রাসবাদে মদদ দিতে থাকে, তবে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে এবং হামলা চালাতে পিছপা হবে না নয়াদিল্লি। এনডিটিভি ডিফেন্স সামিটে দেওয়া এক বক্তব্যে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর এই বক্তব্যে মূলত পাকিস্তানের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
রাজনাথ সিং স্পষ্ট ভাষায় জানান যে, ভারত শান্তিপ্রিয় দেশ এবং যুদ্ধ বা অন্যের ভূখণ্ড দখল করার কোনো মানসিকতা তাদের নেই; তবে এই শান্তিকামিতাকে যেন কোনোভাবেই দুর্বলতা হিসেবে না ভাবা হয়। তিনি বলেন, ভারত পারস্পরিক আলোচনায় বিশ্বাসী এবং আন্তর্জাতিক সহযোগিতায় আস্থাশীল, কিন্তু যদি কোনো দেশ সীমান্তপারের সন্ত্রাসবাদে মদদ দিয়ে যায়, তবে সেই দেশের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা চলতে পারে না। এর আগে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী আস্তানায় সুনির্দিষ্ট আক্রমণ চালিয়েছিল উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, দেশের অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন