ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় বন্দুকধারীদের গুলিতে অন্তত দুই নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুপক্ষ। মাত্র তিন দিনের ব্যবধানে নাগা জনগোষ্ঠীর লোকজনের ওপর এটি দ্বিতীয় দফার হামলার ঘটনা, যা রাজ্যজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেনাপতি জেলার কালেনজাং এলাকায় গ্রামের এক প্রধানের বাড়িতে এই অতর্কিত হামলা চালানো হয়। সশস্ত্র হামলাকারীরা বাড়ির ভেতরে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই রকি ও কুমার নামের দুই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ বা জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও এর পেছনে কুকি সম্প্রদায়ের সশস্ত্র সদস্যরা জড়িত থাকতে পারে বলে স্থানীয় সূত্রে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পরপর ঘটে যাওয়া এসব সহিংস ঘটনার প্রেক্ষাপটে রাজ্যটিতে নতুন করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন