ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্দোলন শুরুর আগেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ ও দেশটির আধাসামরিক বাহিনী সিআরপিএফ। শনিবার সকালে নয়াদিল্লিতে তাঁর নিজস্ব বাসভবনের বাইরে থেকে তাঁকে এবং তাঁর সাথে থাকা অন্য পাঁচজনকে আটক করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি প্রিজন ভ্যানে করে সাবেক এই মুখ্যমন্ত্রীকে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ রুখতে দিল্লির রাজপথ থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে বিমানে চেপে নয়াদিল্লি পৌঁছানো সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে বিমান অবতরণের পরপরই ভেতরের রানওয়ে থেকে আটক করা হয়। বিমান থেকে আটকের এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করেন অভিজিৎ নিজেই, যেখানে বিমান সংলগ্ন স্থানে পুলিশ কর্মকর্তাদের সাথে তাঁদের বাকবিতণ্ডা হতে দেখা যায়।
এদিকে একই ইস্যুতে জার্মানি থেকে ভারতে আসা জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ধারাভাষ্যকার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি অনুসারী থাকা ৩২ বছর বয়সী ধ্রুব রাঠীকে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত তাঁর নিজ বাসভবন থেকে ভোরে আটক করা হয়। তাঁকে গ্রেপ্তারের জন্য দিল্লি পুলিশের প্রায় ৫০ জনের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। সব মিলিয়ে সিইসির পদত্যাগের দাবিতে আয়োজিত এই আন্দোলনকে কেন্দ্র করে পুরো দিল্লিতে থমথমে ও চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন