নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। টানা ৩৭ দিনের দীর্ঘ ও জটিল প্রতিবাদ কর্মসূচির পর রোববার (২৬ জুলাই) সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি নিজের অনুভূতির কথা শেয়ার করেন। দীর্ঘ লড়াইয়ের পর নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারার কথা জানিয়ে তিনি বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে তাকে আর ভাবতে হয়নি যে সারাদিন কী করতে হবে বা সন্ধ্যা পর্যন্ত কী ঘটতে যাচ্ছে।
গত মে মাসে দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে শুরু হওয়া এই সিজেপি অল্পদিনের মধ্যেই ভারতের তরুণ প্রজন্মকে এক সুতোয় গেঁথে ফেলেছিল। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে হাজার হাজার তরুণ সমর্থক যারা নিজেদের ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ বলে পরিচয় দিতে ভালোবাসেন ক্ষমতার কেন্দ্র কাঁপিয়ে তোলেন। তবে এই বিজয়কে কেবল শুরু হিসেবে দেখছেন তরুণ এই নেতা। ভিডিও বার্তায় আন্দোলন সফল করতে পাশে থাকা সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সমালোচকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি, যাদের গঠনমূলক প্রশ্ন আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেছে।
মন্তব্য করুন