দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা নিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের অডিও-ভিডিও ভাইরাল হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সিটি কলেজের এক ছাত্রীর সঙ্গে কথোপকথনের সময় শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ হিসেবে সম্বোধন করেছেন, যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়া কথোপকথনে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ মিটিংয়ে তিনি পরীক্ষা স্থগিত করার পক্ষে থাকলেও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আবহাওয়াবিদদের পরামর্শে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী দাবি করেন। রুটিন নিয়ে ছাত্রীর অভিযোগের জবাবে তিনি জানান, অংশীজনদের সঙ্গে পরামর্শ করেই রুটিন তৈরি করা হয়েছে। কথা বলার এক পর্যায়ে তিনি ছাত্রীকে ‘গরম এক কাপ কফি খেয়ে পড়তে বসে যাওয়ার’ পরামর্শ দেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, যেখানে বৈরী আবহাওয়ার কারণে জীবনযাত্রা বিপর্যস্ত, সেখানে পরীক্ষা পেছানোর পরিবর্তে মন্ত্রীর এমন দায়সারা মন্তব্য ও অবস্থান অসংবেদনশীল। পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এখন পর্যন্ত এই ভাইরাল ভিডিও ও মন্ত্রীর মন্তব্য নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং মন্ত্রীকেও এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া এবং দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য শিক্ষার্থীদের ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মন্তব্য করুন