ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতের এই আদেশের ফলে ছবি দিয়েই বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে।
ইসলামী শরীয়ত অনুযায়ী পর্দা করেন এবং ছবি তোলা থেকে বিরত থাকেন এমন যুক্তة দেখিয়ে ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুর এলাকার বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা এই রিট আবেদনটি করেছিলেন। পরিচয়পত্র না থাকায় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়ে তিনি ছবি ছাড়া বিকল্প ব্যবস্থায় এনআইডি পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। ওই বছরই শুনানি শেষে ছবি ছাড়া বিকল্প উপায়ে এনআইডি তৈরিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত, যা দীর্ঘ শুনানি শেষে বুধবার খারিজ করা হলো।
মন্তব্য করুন