জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম দায়িত্বহীনতা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এবং কাজের তীব্র অনিয়ম দেখে রোববার দুপুরে সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
নগরীর তেরখাদিয়া এলাকায় অবস্থিত এই স্টেডিয়ামের ভেতর-বাইরে রং করা, নতুন আরসিসি সড়ক তৈরি ও অন্যান্য সংস্কারকাজের দায়িত্ব পেয়েছিল ‘সুবর্ণা এন্টারপ্রাইজ’ ও ‘দেশবন্ধু’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, গত শনিবার স্টেডিয়ামের সামনের প্রবেশপথে করা কার্পেটিংয়ে পাথর বা খোয়া ব্যবহার না করে কেবল বালুর ওপর পিচ ঢেলে দেওয়া হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে এবং হাত দিলেই কার্পেটিং খসে পড়ছে। এছাড়া গ্যালারি রঙের ক্ষেত্রে শিডিউল অনুযায়ী নির্দিষ্ট ব্র্যান্ডের মানসম্মত রং ব্যবহার না করে নামমাত্র কাজ সারা হয়েছে। রাতের আঁধারে দায়সারা এই নিম্নমানের কাজ করায় স্থানীয় ক্রীড়ামোদী মানুষ ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিসিবির কাউন্সিলর যুবদল নেতা মোজাদ্দেদ জামানী সুমন ক্ষোভ প্রকাশ করে জানান, কাজের মান এতটাই খারাপ যে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমানও কাজের নিম্নমানের সত্যতা স্বীকার করেছেন। সহকারী প্রকৌশলী জানিয়েছেন, কাজের মান সন্তোষজনক না হওয়ায় তিনি ঠিকাদারের বিল ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম এহছানুল মামুন জানিয়েছেন, অনিয়মের এই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন