রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় নিজ বাসায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন আক্তার নামের এক গৃহবধূ। এই চাঞ্চল্যকর ঘটনায় তার স্বামী আব্দুল মান্নানসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরের দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে কে বা কারা জেসমিনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তাঁর ডান হাতে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে এক লোমহর্ষক তথ্য। জানা যায়, গ্রেপ্তারকৃত স্বামী আব্দুল মান্নান একজন মাদক ব্যবসায়ী এবং মূলত অন্য কাউকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে তিনি নিজেই জানালার বাইরে থেকে নিজের স্ত্রীকে গুলি করেছিলেন। ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন