লক্ষ্মীপুরের সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মেঘনা নদীতে ভেসে যাওয়া বল তুলতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে গেছেন মো. মিলন (৪০) নামের এক যুবক। গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মিলন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মিলনসহ মোট ৪২ জন বন্ধু মিলে মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর একটি চরে বেড়াতে যান। সেখানে চরের মাঠে ফুটবল খেলার একপর্যায়ে বলটি গড়িয়ে নদীতে পড়ে যায়। নদীতে ফুটবলটি ভাসতে দেখে তা উদ্ধারের জন্য মিলনসহ চারজন বন্ধু পানিতে নামে। ঠিক সেই মুহূর্তে নদীতে জোয়ারের তীব্র স্রোত শুরু হয়। জলের অতিরিক্ত স্রোত ও প্রবল ঢেউয়ের তোড়ে বাকি তিনজন কষ্টেসৃষ্টে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মিলন নদীর গভীর পানির নিচে তলিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) আজিজুল হক জানান, জোয়ারের প্রচণ্ড স্রোতের কারণে মিলন নদীর গভীরে তলিয়ে গেছেন। খবর পাওয়ার পর থেকেই তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ দল কাজ করে যাচ্ছে। তবে স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ওই যুবককে জীবিত কিংবা মৃত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন