গাজীপুরের কাশিমপুর সারাবো সংলগ্ন তালতলা এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুরের কাশিমপুরের সারাবো সংলগ্ন তালতলা এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।
তিনি জানান, সকাল ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুরের সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের ৪৫ মিনিটের টানা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্রে নিশ্চিত করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।