পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া থেকে এই সর্ববৃহৎ ধর্মীয় শোভাযাত্রার কার্যক্রম শুরু হয়। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ায় শুভাগমনের আনন্দ উদযাপন এবং শান্তি, মানবতা ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহও এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নিয়েছেন।
নির্ধারিত রুট অনুযায়ী জুলুসটি মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাসসহ নগরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হবে। সেখানে বাদ জোহর বিশেষ মাহফিল, জোহরের নামাজ আদায় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগর ও এর আশপাশের বিভিন্ন উপজেলা ছাড়াও দূরদূরান্ত থেকে আসা লাখো আশেকে রাসুল বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহনে কিংবা পায়ে হেঁটে মুরাদপুর ও ষোলশহর এলাকায় এসে জড়ো হন, ফলে পুরো চত্বর জনসমুদ্রে রূপ নেয়।
মন্তব্য করুন