সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা আবদুল মোতালেব হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত আসামির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর। রোববার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লয়েল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইয়ুব আলী সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। সোমবার দুপুরে র্যাব-৭ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে এই মামলার তিন আসামিকে আইনের আওতায় আনা হলো।
গত ১৯ জানুয়ারি বিকালে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় র্যাব-৭ এর কর্মকর্তা আবদুল মোতালেব নিহত হন। ওই হামলায় র্যাবের আরও তিন সদস্য মারাত্মক আহত হয়েছিলেন। এ ঘটনায় এলাকাটি দীর্ঘ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ছিল।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলীকে নগরীর কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলীর বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। জঙ্গল সলিমপুরের এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেফতার করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন