ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি জানিয়েছেন, তাঁর খেলোয়াড়ি জীবনের সোনালি সময়ে তিনি ভয়াবহ মানসিক সমস্যা ও মদের নেশার সঙ্গে লড়াই করেছেন। পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সফল স্ট্রাইকার ওয়েইন রুনি তাঁর খেলোয়াড়ি জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ফুটবল ক্যারিয়ারের সোনালি সময়েই তিনি ভয়াবহ মানসিক অবসাদ ও মদের নেশার ফাঁদে পড়েছিলেন। মঙ্গলবার প্রকাশিত ‘লাইফ অ্যাট দ্য মিডপয়েন্ট’ পডকাস্টের একটি পর্বে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি।
৪১ বছর বয়সী রুনি জানান, ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে তিনি মারাত্মক মানসিক চাপ ও মদের নেশার সঙ্গে লড়েছেন। অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল যে তিনি আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন। রুনি বলেন, ‘২০-এর কোঠার মাঝামাঝি পর্যন্ত, একেবারে তলানিতে না ঠেকা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আমি বাড়ি গিয়ে দুই দিন ঘরে নিজেকে আটকে রাখতাম, আর শুধু মদ খেতাম। অথচ সেটি ছিল আমার খেলোয়াড়ি জীবনের অন্যতম সেরা সময়।’
মানসিক স্বাস্থ্য সংকটের গভীরতা বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমি এমন এক জায়গায় পৌঁছেছিলাম, যেখানে মানুষ আত্মহত্যার কথা ভাবতে শুরু করে। কারও আশপাশে থাকার ইচ্ছা করত না, রাস্তায় মানুষ দেখতে চাইতাম না, এমনকি দোকানে যাওয়াও কঠিন হয়ে পড়েছিল।’ রুনির স্বীকারোক্তি অনুযায়ী, এই ভয়াবহ পরিস্থিতি তাঁর বিবাহিত জীবনকেও ভাঙনের মুখে ঠেলে দিয়েছিল। তবে এই কঠিন সময় কাটিয়ে ওঠার পেছনে তাঁর স্ত্রী কোলিনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজার বিষয় হলো, ব্যক্তিগত জীবনের এই চরম ঝড়ের মধ্যেও মাঠে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি। রুনির ভাষায়, ‘ফুটবল মাঠে আমি সব সময় স্বচ্ছন্দ ছিলাম। কিন্তু বাকি সবকিছু সামলাতে আমি সত্যিই হিমশিম খেতাম।’
পরবর্তীতে থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠলেও ফুটবলের দুনিয়ায় পুরুষত্ব নিয়ে প্রচলিত সামাজিক ধারণা ও সংস্কৃতি তাকে অনেক আগেই সাহায্য চাইতে বাধা দিয়েছিল বলে জানান রুনি। তিনি বলেন, ‘আপনি কোনো দুর্বলতা দেখাতে চাইবেন না, তাই সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করতে হয়। নিজের মনের অবস্থা বুঝতে পারলেও সেটা সহজে মেনে নেওয়া কঠিন ছিল, কারণ মনে হতো এটি স্বীকার করলে আপনার পুরুষত্ব কমে যাবে।’
উল্লেখ্য, ২০২১ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর কোচিং পেশায় যুক্ত হন রুনি। সর্বশেষ ২০২৪ সালে তিনি প্লাইমাউথ আর্গাইলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। বর্তমানে কোচিংয়ের পাশাপাশি ম্যাচ বিশ্লেষক হিসেবে কাজ করার পাশাপাশি তাঁকে ব্রিটিশ রিয়ালিটি শো ‘আই অ্যাম আ সেলিব্রিটি গেট মি আউট অব হিয়ার’-এও অংশ নিতে দেখা যাচ্ছে।