ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে অজ্ঞাত দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রল বোমা হামলায় কাঠের দরজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ভেতরে থাকা কর্মচারীদের তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে স্টেশন ভবন লক্ষ্য করে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। তবে সতর্কতার কারণে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে দুর্বৃত্তরা স্টেশন অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাগুলোর আঘাতে অফিসের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত সে সময় অফিসের ভেতরে লোকজন অবস্থান করায় তারা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরও জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকার কারণে ভেতরের কোনো আসবাবপত্র, মূল্যবান নথিপত্র বা কর্মচারীদের কোনো ক্ষতি হয়নি। ঘটনার পরপরই বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা ককটেল বা পেট্রল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।