স্কুলজীবন থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল এখন জীবিকার তাগিদে ইজিবাইক চালান। বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলায় জর্জরিত ও চরম অর্থনৈতিক সংকটে পড়া এই ত্যাগী নেতার জীবনসংগ্রামের কথা এলাকায় জানাজানি হলে তা নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
স্কুলজীবন থেকে শুরু হওয়া রাজনৈতিক পথচলা, ইউনিয়ন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব সব পেরিয়ে জীবনের বাস্তবতায় আজ সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে অবতীর্ণ হয়েছেন রেজওয়ান ইসলাম মুকুল। দলের সুদিনে যেখানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেখানে পরিবারের খরচ মেটাতে ইজিবাইকের হ্যান্ডেল ধরেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের এই সাবেক সাধারণ সম্পাদক।
রেজওয়ান ইসলাম মুকুল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মণ্ডলের ছেলে। ১৯৮৭ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর। পরবর্তীতে বারবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের পর ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতা আসার পর ২০০৩ সালে ভোটের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় বর্তমান উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তবে এর পরের রাজনৈতিক পথচলা কখনোই সহজ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে তাঁর বিরুদ্ধে ৭টি রাজনৈতিক মামলা ও হুলিয়া জারি হয়। চরম প্রতিকূলতা ও উপায়হীন হয়ে ২০১৭ সালে স্ত্রী ও দুই সন্তান নিয়ে যশোরে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। বর্তমানে তাঁরা যশোরের পালবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। ৫ বছর বয়সে বাবাকে হারানো মুকুলের দুই সন্তান রয়েছে; বড় ছেলে সাজিদ হাসান যশোরের সরকারি এমএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং ছোট ছেলে সোয়াদ হাসান পুলিশ লাইন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
জীবিকার তাগিদে নিজের গ্রামের বাড়ির দুই বিঘা জমি বন্ধক রেখে যশোরে এসে একটি ইজিবাইক কেনেন মুকুল। প্রতিদিন সেই ইজিবাইক চালিয়ে যা আয় হয়, তা দিয়েই মেটানো হয় চার সদস্যের সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ। তিনি জানান, সততার সঙ্গে রাজনীতি করায় অবৈধ উপার্জনের পথে হাঁটেননি। এমনকি কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ের আঘাত পেলেও টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। প্রচণ্ড শারীরিক ব্যথা নিয়েই তাকে প্রতিদিন ইজিবাইক চালাতে হয়। নিজের কষ্টের চেয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত এই সাবেক ছাত্রনেতা।
রেজওয়ান ইসলাম মুকুলের এমন জীবনসংগ্রামের কথা জানতে পেরে কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ আনোয়ার পরাগসহ স্থানীয় রাজনৈতিক ও দলীয় অঙ্গনে শোক ও সহানুভূতির সৃষ্টি হয়েছে। সেই কমিটির সভাপতি হামিদুল ইসলাম হামিদ জানিয়েছেন, মুকুলের কষ্টের কথা শুনে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন।
এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, “মুকুলের সঙ্গে প্রায়ই কথা হয়, তবে তিনি যে ইজিবাইক চালান বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদল-যুবদলের বহু নেতাকর্মী রিকশা চালিয়ে বা গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। দলের এই সুসময়ে আশা করি এমন ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাবেন। আমার অবস্থান থেকেও আমি মুকুল ভাইয়ের পাশে থাকার চেষ্টা করব।”