জামালপুরের মেলান্দহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে একটি ড্রাম ট্রাক অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।
জামালপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ মোট চারজনের করুণ মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন,ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার বাসিন্দা মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) এবং তাঁদের মাত্র আট মাস বয়সী কন্যাসন্তান রিফা। দুর্ঘটনায় পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চতুর্থ ব্যক্তির নাম শওকত হাসান লিখন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহ থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। পথে বৈঠামারী বুরুঙ্গা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে সজোড়ে ধাক্কা দেয় এবং একই সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে অটোরিকশা ও মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শওকত হাসান লিখন নামে আরও এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।