নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরির তিন দিন পর জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের খোয়া যাওয়া ল্যাপটপটি সফলভাবে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তর কুমার সাহা (২০) নামের এক তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার বিকেলে টিকিট কেনার টাকা তুলতে এটিএম বুথে যাওয়ার সময় স্টেশনে নিজেকে ট্রেন কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির বিশ্বাসে নিজের ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগটি গচ্ছিত রেখে যান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তবে বুথ থেকে ফিরে এসে তিনি ওই ভুয়া কর্মকর্তা ও নিজের মালামাল আর খুঁজে পাননি। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন তিনি।
ঘটনার পরপরই বিদেশি পর্যটকের খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ ও গোয়েন্দাদের একাধিক টিম লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে জোর অভিযান শুরু করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাফুরিয়াপট্টি এলাকার একটি দোকানে অভিযান চালানোর পর তরুণ অন্তর কুমার সাহা জানান যে তাঁর বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। পরে ওই তরুণের বাড়ি থেকে উদ্ধারকৃত ল্যাপটপটি জার্মান পর্যটকের বলে নিশ্চিত হয় পুলিশ। ল্যাপটপ উদ্ধারের খবর মুঠোফোনে ক্রিল ল্যান্ডারকে জানানো হলে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন