সৌদি আরবের রিয়াদে খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। বিস্ফোরণের পর বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং ১২টির বেশি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলের দিকে যায়।
এ ঘটনার পর রিয়াদগামী একাধিক ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া বা বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েত এয়ারওয়েজ রিয়াদের সব ফ্লাইট বাতিল করেছে। ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও একাধিক ফ্লাইট বাতিল করেছে।
সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর মধ্যেই দেশটির ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা বেড়েছে। চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে এর আগেও হামলার ঘটনা ঘটেছে, যাতে হতাহতের পাশাপাশি একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ পরিস্থিতির মধ্যেও রিয়াদে নির্ধারিত বড় জ্বালানি ও বিনিয়োগ সম্মেলন পরিকল্পনা অনুযায়ী আয়োজনের কথা জানিয়েছে আয়োজকরা।
মন্তব্য করুন