রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ঢাকায় এসে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে এসে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান। নির্ধারিত প্রক্রিয়া ও ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রেখে শনিবার দুপুরে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি নিরাপদে প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে শুক্রবার রাতে রাশিয়ান কার্গো বিমানে করে ইউরেনিয়ামের এই চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সূচি অনুযায়ী এর আগে এটি আসার কথা থাকলেও আকাশসীমা সংক্রান্ত কিছু জটিলতার কারণে তা কিছুটা বিলম্বিত হয়েছিল। পরবর্তীতে সব ধরনের কূটনৈতিক ও প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করে বিশেষ ফ্লাইটে চালানটি বাংলাদেশে আনা হয়। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় লোডিং ও প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ও পাহারায় সড়কপথে ইউরেনিয়াম কনভয়টি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট। ইতিপূর্বে প্রথম ইউনিটের জ্বালানি আসার পর তা চুল্লিতে স্থাপন করা হয়েছিল। আর এবারের এই চালানটি মূলত প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বা ডিসেম্বর মাসের মধ্যে এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সম্প্রতি প্রথম ইউনিটের প্রেসার-অপারেটেড রিলিফ ভালভের সফল পরীক্ষাসহ কমিশনিংয়ের অন্যান্য কারিগরি কাজও দ্রুত এগিয়ে চলেছে। ইউরেনিয়ামের এই চালান সফলভাবে রূপপুর প্রকল্পে পৌঁছানোর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।