বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের সংঘাতে এটি অন্যতম বড় ও ভয়াবহ সংঘর্ষের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ ইয়েমেনের তাইজ-মোখা ফ্রন্টে এই সংঘর্ষ শুরু হয়। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের এই কৌশলগত জলপথ ও উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সরকারি বাহিনীর ওপর স্থল হামলার পাশাপাশি ড্রোন, রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিরা। সামরিক সূত্রগুলো জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রিত বন্দরনগরী মোখাকে বিচ্ছিন্ন করে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে আধিপত্য বিস্তার করাই বিদ্রোহীদের মূল উদ্দেশ্য।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত চলা এই সংঘর্ষে ইয়েমেন সরকারের ৬৬ জন সেনা এবং হুথিদের অন্তত ৬২ জন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া উপকূলীয় শহর মোখায় হুথিদের গোলার আঘাতে এক বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। ২০২২ সালের জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দেশটিতে এমন তীব্র ও রক্তক্ষয়ী লড়াই আর দেখা যায়নি। হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দাবে এই নতুন সংঘাতের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের জ্বালানি ও পণ্য পরিবহন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য করুন