ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সামরিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা ও কৌশলগত অবস্থান দখলের পাশাপাশি সৌদি আরবের তেল স্থাপনা ও জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, হরমুজ প্রণালির অস্থিরতা এবং সৌদি তেল রপ্তানির বিকল্প পথ নিয়ে নতুন উদ্বেগ।
সাম্প্রতিক অভিযানে হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর মোখা এবং বাব আল-মান্দেব প্রণালির কাছের পেরিম দ্বীপে পৌঁছেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বাব আল-মান্দেব দিয়ে বিশ্বের সমুদ্রপথের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ চলাচল করে। হুথিদের এই অগ্রযাত্রায় ইয়েমেনের পশ্চিম ও মধ্যাঞ্চলেও লড়াই তীব্র হয়েছে। তেলসমৃদ্ধ মারিব ও তাইজে সংঘর্ষের ফলে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে এপি জানিয়েছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর তুলনামূলক স্থিতাবস্থা বজায় থাকলেও সাম্প্রতিক হুথি অগ্রগতি সেই পরিস্থিতিকে আবারও নড়বড়ে করে দিয়েছে।
হুথিদের এই সামরিক অগ্রগতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে সৌদি আরবের নিরাপত্তা ও তেল রপ্তানিতে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে সম্প্রতি ড্রোন হামলা হয়েছে। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল লোহিত সাগরের বন্দর দিয়ে রপ্তানি করা হয়। হামলার পর পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যেখানে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হতো। ফলে হরমুজ ও লোহিত সাগর দুই নৌপথেই ঝুঁকি বাড়ায় সৌদি তেল রপ্তানির ওপর চাপ দ্বিগুণ হয়েছে।
সামরিক উত্তেজনার মধ্যেই ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথি প্রতিনিধিদের মধ্যে বৈঠকসহ কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তবে হুথিদের সঙ্গে কোনো সমঝোতা হলেও বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সমাধান ছাড়া তা কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় রয়েছে। হরমুজ প্রণালির প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি বাব আল-মান্দেবে হুথিদের উপস্থিতির কারণে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রয়টার্সের হিসাবে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ব্রেন্ট তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছে এবং জাহাজ ভাড়াও বেড়েছে। সব মিলিয়ে, ইয়েমেনের স্থানীয় যুদ্ধ ক্রমেই বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিয়ে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরির আশঙ্কা তৈরি করেছে।
মন্তব্য করুন