তীব্র রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক চাপ এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জেরে সৃষ্ট অভ্যন্তরীণ বিভাজনের কারণে ইসরাইল মারাত্মক গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির পরিবেশিত প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থার বিশেষ শাখা ‘রেড সেল’-এর প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক এক গোপন মূল্যায়নে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন সাধারণ নির্বাচনের ঠিক আগে আগে ইসরাইলে বেশ কিছু জটিল সংকট একসঙ্গে ঘনীভূত হয়ে পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করে তুলেছে। এর পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে আকাশচুম্বী সামরিক ব্যয়, অর্থনৈতিক মন্দা, অধিকৃত পশ্চিম তীরে উগ্র ইহুদি বসতিস্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে বিশেষ অব্যাহতি পাওয়া নিয়ে সাধারণ নাগরিকদের তীব্র ক্ষোভ। এছাড়া দীর্ঘ সময় ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কৌশলগত লড়াই দেশটির সাংবিধানিক ও রাজনৈতিক সংকটকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
টানা যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরাইলি সমাজের অন্তর্নিহিত পুরোনো ফাটলগুলো এখন আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। গাজা, লেবানন ও আঞ্চলিক অন্যান্য প্রান্তে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শেষে বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট প্রচণ্ড মানসিক ট্রমা বা অবসাদ নিয়ে ঘরে ফিরছেন। এর মধ্যে সাধারণ নাগরিকদের বারবার যুদ্ধক্ষেত্রে টেনে নেওয়া হলেও অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনী থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া সাধারণ মানুষের মধ্যে গভীর সামাজিক অসন্তোষের জন্ম দিয়েছে।
অভ্যন্তরীণ এসব সংকটের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধ্যমান একাকীত্ব এবং খোদ মার্কিন জনসমর্থনেও বড় ধরনের ধস নামার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে সিআইএ-র বিশ্লেষণে। গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করে বলা হয়েছে, বাহ্যিক এই চাপ এবং অভ্যন্তরীণ সামাজিক-রাজনৈতিক অবক্ষয় একসঙ্গে মিলিত হয়ে ইসরাইলের রাষ্ট্রীয় অস্তিত্ব ও অখণ্ডতাকে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে।
মন্তব্য করুন