যুদ্ধের পরিস্থিতির মধ্যেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় সোমবার (২০ জুলাই) সকালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫.২ এবং ৫.৭।
ইরানি সংবাদমাধ্যম ‘ইরন প্রেস’-এর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার সকালে ঘটা প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৩ কিলোমিটার গভীরে। এর ঠিক কিছুক্ষণ পর সকাল ৭টা ১৮ মিনিটে একই অঞ্চলে আরও শক্তিশালী ৫.৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। সাম্প্রতিক এই ভূকম্পনে দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত এই জোড়া ভূমিকম্পে হতাহত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সরকারি কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবা ও উদ্ধারকারী দলগুলোকে অবিলম্বে মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে রোববার সকালে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার উৎপত্তিস্থল ছিল ভূত্বকের ১২ কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিক অবস্থানের বিচারে ইরান বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে দেশটির অবস্থান হওয়ায় প্লেট দুটির ক্রমাগত গতিশীলতার কারণে সেখানে প্রায় নিয়মিতই এমন ভূকম্পন অনুভূত হয়ে থাকে। ভূতত্ত্ববিদদের মতে, কেরমানশাহ ও খুজেস্তানের মতো পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অধিকাংশ কম্পন মাঝারি মাত্রার হলেও এগুলোর উৎপত্তিস্থল অগভীর হওয়ায় জনবসতিপূর্ণ এলাকায় তা বেশি অনুভূত হয় এবং বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি করে।
মন্তব্য করুন