আবুধাবি টেস্টের পঞ্চম দিনে এবাদত হোসেনের বাউন্সারে শর্ট ফাইন লেগে ডানদিকে চোখ ধাঁধানো এক ক্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বে নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি কিপার-ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের ব্যাটার ইকরাম আলীখিলকে ফেরানোর ওই ক্যাচটি ছিল চলতি টেস্টে উইকেটের পেছনে লিটনের নবম ডিসমিসাল। ব্যাটে-বলে ম্যাচজুড়ে বীরত্বপূর্ণ পারফরম্যান্সে ১৪৯ বছরের টেস্ট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ডের মালিক হলেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে ৫৩ রানের দুর্দান্ত ফিফটি করার পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য ১০২ রানের সেঞ্চুরি উপহার দেন লিটন দাস। এরপর কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে তুলে নেন মোট ৯টি ডিসমিসাল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো উইকেটকিপার এক টেস্টের দুই ইনিংসে ফিফটি প্লাস রান (৫০+) করার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল নেওয়ার নজির দেখাতে পারেননি। ১৯৬৬ সালে জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে উভয় ইনিংসে ৫০+ রানের পাশাপাশি ৮টি ডিসমিসাল নিয়ে এতদিন এই রেকর্ডের শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেনিস লিন্ডসে। ইকরামের ক্যাচটি নিয়ে লিন্ডসেকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড এককভাবে নিজের করে নেন লিটন।
এর আগে আফগানদের দ্বিতীয় ইনিংসে নিজের অষ্টম ডিসমিসালটি পূর্ণ করেই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ২২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছিলেন লিটন। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭টি ডিসমিসাল নিয়ে এক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি ছিল পাইলটের। এখন লিটনের সামনে রয়েছে টেস্ট ইতিহাসের এক ম্যাচে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের অলটাইম রেকর্ড ছোঁয়ার সুযোগ, যা যৌথভাবে দখল করে আছেন জ্যাক রাসেল, এবি ডি ভিলিয়ার্স ও ঋষভ পন্ত। আর মাত্র দুটি আউট পেলেই সেই বিশ্বসেরাদের তালিকায় যুক্ত হবেন লিটন দাস।
মন্তব্য করুন