আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন সংসদে দেওয়ার চেষ্টা চলছে। এরপর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল তৈরি করে জানুয়ারির প্রথম অধিবেশনে তা উত্থাপন করা হতে পারে।
তিনি জানান, সংবিধানের প্রস্তাবনাসহ কয়েকটি অনুচ্ছেদে পরিবর্তন আসতে পারে। ৮, ৪৮, ৫৬ ও ১৪২ অনুচ্ছেদে সংশোধনের ক্ষেত্রে সাংবিধানিক বিধান অনুযায়ী গণভোটের প্রয়োজন হতে পারে।
সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নকে সংশোধন প্রক্রিয়ার অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
বিরোধীদলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনের কাজে বিরোধীদলকে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চায় কমিটি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুরক্ষায় সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধনেও গণভোটের বিধান রাখার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে এসেছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন