প্রায় নয় বছর বিলম্বের পর অবশেষে উন্মোচিত হলো টেসলার নতুন রোডস্টার স্পোর্টস কার। স্পেসএক্সের রকেট প্রযুক্তির সাহায্যে বাতাসে কসরত দেখালেও এটি বাজারে আসতে অপেক্ষা করতে হবে ২০২৮ সাল পর্যন্ত।
দীর্ঘ নয় বছরের জল্পনা-কল্পনা, কোটি কোটি ডলারের অগ্রিম বুকিং এবং ধারাবাহিক বিলম্বের পর অবশেষে বহুল আলোচিত ‘নেক্সট জেনারেশন’ রোডস্টার স্পোর্টস কার উন্মোচন করেছে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা।
অনুষ্ঠানে দেখা যায়, স্পেসএক্সের অত্যাধুনিক রকেট প্রযুক্তি ব্যবহার করে অ্যাঙ্গুলার ডিজাইনের রোডস্টারটি একটি উঁচু বাঁকানো র্যাম্প বেয়ে উঠে বাতাসে ভেসে ওঠে এবং অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে মাটিতে অবতরণ করে।
তবে এমন চোখধাঁধানো স্টান্ট দেখানোর পরও গাড়িপ্রেমীদের জন্য কিছুটা হতাশার খবর রয়েছে। টেসলা জানিয়েছে, উন্মোচিত এই রোমাঞ্চকর রোডস্টারটি গ্রাহকদের হাতে পৌঁছাতে বা বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে ২০২৮ সাল পর্যন্ত সময় লেগে যাবে।