কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের মূল কারণ জানিয়েছে পুলিশ। এটি কোনো চাঁদাবাজি বা সালমানকে টার্গেট করে হয়নি।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রকৃত কারণ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, সালমান মুক্তাদির বা তাঁর স্টুডিওটি সরাসরি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না, বরং জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এই ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর সালমান মুক্তাদির একটি ভিডিওবার্তা প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম গণমাধ্যমকে জানান, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩৫ কাঠা জমির দখল ও বেদখলকে কেন্দ্র করে সাবেক এক সেনা কর্মকর্তার পক্ষের লোকজন ওই প্রপার্টিজে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ ঘটনায় কোনো চাঁদাবাজির সংশ্লিষ্টতা নেই এবং সালমান মুক্তাদিরের স্টুডিওটি কেবল ওই প্রপার্টিতে অবস্থিত হওয়ার কারণেই আকস্মিকভাবে হামলার শিকার হয়েছে।