রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ফলাফলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা এলাকার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। গত সোমবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের রুমে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন এই তথ্য প্রকাশ করেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার মোট ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু তাদের কেউই পাস করতে পারেনি। একটি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থীর এভাবে ফেল করার বিষয়টি স্থানীয় অভিভাবক এবং সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিদ্যালয়টির এমন বিপর্যজনক ফলাফলের পর এর শিক্ষাদান পদ্ধতি ও সামগ্রিক মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন জানিয়েছেন যে, বিষয়টি অত্যন্ত উদ্বেগের এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হবে। কেন এমন ফলাফল হলো এবং এর পেছনের কারণগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
মন্তব্য করুন