শারীরিক অসুস্থতা বা ব্যথার কারণে অনেকেই চেয়ারে বসে সামনে টেবিল বা টুল রেখে তাতে কপাল ঠেকিয়ে সিজদা করেন। তবে বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী, এটি শরিয়তসম্মত নয়। মাটিতে কপাল ঠেকানো অসম্ভব হলে কোনো উঁচু বস্তুর ওপর মাথা না ঠেকিয়ে কেবল ইশারায় রুকু ও সিজদা সম্পন্ন করাই সঠিক নিয়ম।
ইসলাম একটি অত্যন্ত সহজ, বাস্তবসম্মত ও মানবিক জীবনবিধান। মানুষের শারীরিক সক্ষমতা, বয়স ও বিভিন্ন অসুস্থতার বিষয়টি বিবেচনা করে ইসলামী শরিয়ত ইবাদতের নিয়মে এনেছে অপরিসীম নমনীয়তা। তবে বর্তমানে হাঁটু বা কোমরের ব্যথায় আক্রান্ত অনেকেই খাটে বা চেয়ারে বসে সামনে টেবিল কিংবা উঁচু টুল রেখে তাতে কপাল ঠেকিয়ে নামাজের সিজদা আদায় করে থাকেন। বাহ্যিকভাবে এটিকে অত্যন্ত সহজ মনে হলেও ইসলামী শরিয়তের দৃষ্টিতে এটি একটি প্রচলিত ভুল পদ্ধতি। এ প্রসঙ্গে সম্প্রতি একটি আলোচনায় বিস্তারিত শরয়ি ব্যাখ্যা প্রদান করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।
তিনি জানান, শারীরিক অসুস্থতা, তীব্র শারীরিক কষ্ট, প্রবীণ বয়স কিংবা দাঁড়িয়ে নামাজ আদায় করলে রোগ বৃদ্ধির বা স্থায়ী হওয়ার আশঙ্কা থাকলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে চেয়ারে বা টুলে বসে নামাজ পড়ার স্পষ্ট অনুমতি ইসলামে রয়েছে। তবে সিজদা দেওয়ার ক্ষেত্রে সামনে টেবিল, টুল বা উঁচু কোনো আসবাবপত্র রেখে তার ওপর কপাল ঠেকানো সম্পূর্ণ শরিয়তসম্মত নয়। কপাল ঠেকিয়ে সিজদা করার একমাত্র নির্ধারিত স্থান হলো জমিন বা ফ্লোর। মাটিতে মাথা রাখা সম্ভব না হলে সামনে কৃত্রিমভাবে মাথা বরাবর কোনো উঁচু বস্তু বা টেবিল রেখে তাতে কপাল ঠেকানোর কোনো বিধান বা বিশেষ ফজিলত ইসলামে নেই। তাই এ ধরনের অনাবশ্যক কসরত করার কোনো প্রয়োজন নেই।
ইসলামী এই স্কলারের মতে, শরিয়তে অসুস্থ ব্যক্তির জন্য সিজদা আদায়ের বৈধ পথ মূলত দুটি। প্রথমত, স্বাভাবিক অবস্থায় কিংবা শারীরিক কষ্ট সত্ত্বেও সক্ষম হলে সরাসরি জমিন বা মাটিতে কপাল রেখে সিজদা সম্পন্ন করা। দ্বিতীয়ত, শারীরিক অক্ষমতার কারণে মাটিতে কপাল ঠেকানো একেবারেই অসম্ভব হলে কোনো উঁচু বস্তুর ওপর মাথা না ঠেকিয়ে কেবল মাথার ইশারায় রুকু ও সিজদা সম্পন্ন করা।
ইশারায় নামাজ আদায়ের সুন্নাহসম্মত নিয়মের বিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ইশারায় নামাজ পড়ার সময় কোনো প্রকার কৃত্রিম উঁচু উপাদান বা টেবিলের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে নিয়মটি হলো—চেয়ারে বসে রুকুর নিয়তে মাথা সামান্য নিচের দিকে ঝুকাতে হবে। আর সিজদার নিয়তে রুকুর চেয়ে আরেকটু বেশি মাথা নিচের দিকে ঝুকাতে হবে। এরপর পুনরায় মাথা সোজা করে বসার বা দাঁড়ানোর নিয়তে স্বাভাবিক অবস্থান গ্রহণ করতে হবে। এভাবে শরিয়তের নির্দেশনা মেনে সহজ উপায়ে অসুস্থ ব্যক্তিরা সালাত আদায় করতে পারেন