বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে দায়িত্বরত এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা এবং এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের এই ঘটনার পর এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ায় চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে দায়িত্বরত এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা এবং মেশিনের যন্ত্রাংশ ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলায় এক্স-রে মেশিনটি বিকল হয়ে যাওয়ায় বর্তমানে বিভাগটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে, যার ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত মাইনুল ইসলাম লিটন তার বড় ভাইয়ের স্ত্রীকে হাঁটুর ব্যথার চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দেন। পরে রোগীকে এক্স-রে কক্ষে নিয়ে যাওয়ার সময় রোগী হাঁটতে না পারায় পরিবারের তিন থেকে চারজন সদস্য তার সঙ্গে ভেতরে প্রবেশ করেন। এ সময় এক্স-রে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ নিয়ে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিটন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা আবুল হোসেনের ওপর হামলা চালান এবং এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।
আহত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন জানান, লিটন অনেক লোকজন নিয়ে এক্স-রে কক্ষে প্রবেশ করলে তিনি তাদের সরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন এবং মারধর থেকে রক্ষা পেতে তিনি দ্রুত সেখান থেকে সরে যান। পরে তারা এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করলে মেশিনটি পুরোপুরি অকেজো হয়ে যায়। ইঞ্জিনিয়ার এনে মেরামত না করা পর্যন্ত এক্স-রে কার্যক্রম চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মাইনুল ইসলাম লিটন বলেন, তিনি তার ভাবিকে নিয়ে এক্স-রে কক্ষে গেলে পরিবারের কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন কথাবার্তা বলেন এবং নারী সদস্যদের গায়ে হাত দেন বলে দাবি করেন তিনি। তাকে বাধা দেওয়ায় তিনি কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন এবং পরে তারা সেখান থেকে বের হয়ে আসেন। টেকনোলজিস্টকে কোনো ধরনের মারধর করা হয়নি বলে দাবি করেন এই বিএনপি নেতা।
ঘটনার বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পাওয়ার পর সদর থানা-পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।