administrative activities আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে নিকার। সোমবার অনুষ্ঠিত সভায় একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন থানা ও পৌরসভা গঠন:
মাতামুহুরী থানা: কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
মোকামতলা থানা: বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন ‘মোকামতলা থানা’ গঠন করা হবে।
নতুন পৌরসভা: স্থানীয় সরকার বিভাগের উদ্যোগের অংশ হিসেবে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ নামের দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
থানার নাম পরিবর্তন ও সদর দপ্তর স্থানান্তর: সভায় ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া প্রশাসনিক কার্যক্রম সহজ করতে দুটি উপজেলার সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থানান্তর করা হবে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পৌরসভা গঠন ও সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপন করা হয়েছিল।