নদীর স্বচ্ছ পানিতে আকাশ ও চাঁদের ছায়া দেখার স্বপ্ন নিয়ে যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তাঁর ডাকে সাড়া দিয়ে অর্ধশতাধিক তরুণ-তরুণী স্বেচ্ছাশ্রমে নদে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেছেন, যা স্থানীয় মহলে দারুণ প্রশংসিত হয়েছে।
নদীর স্বচ্ছ পানিতে আকাশের ছায়া পড়বে এবং জোছনা রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব ভৈরবের বুকে হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার এমন এক স্বপ্ন দেখেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে যশোর শহরের ভৈরব নদের পাড়ে সমবেত হন অর্ধশতাধিক তরুণ-তরুণী এবং স্বেচ্ছাশ্রমে নদে নেমে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন।
যশোরে ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক প্রাচীন জলধারা হলো ভৈরব নদ। একসময়ের শহরের প্রাণের এই নদের বর্তমান চিত্র নদজুড়ে কচুরিপানার বিস্তার ও দূষিত কালো পানি সব মিলিয়ে অত্যন্ত বেদনাদায়ক। এই চিত্র বদলানোর তাগিদ থেকেই ডা. উষা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। এর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন তিনি। শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠার কারণে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ভৈরব নদ। কর্মজীবনে নানা জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের ভৈরবের এমন দুরবস্থা তাঁকে দারুণভাবে নাড়া দেয়। তাঁর এই অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাঁর মা রওনক রায়হানাও।
গত কয়েক দিন ধরে নিজের ফেসবুক পেজে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার আহ্বান জানিয়ে আসছিলেন ডা. উষা। শুধু আহ্বানেই সীমাবদ্ধ না থেকে তিনি নিজেই শুক্রবার ও শনিবার নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তীতে সোমবার সকালে যশোর শহরের দড়াটানায় ভৈরব নদের পাড়ে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের তরুণ-তরুণীরা জড়ো হন এবং নদের কালো পানিতে নেমে কচুরিপানা সরানোর কাজ শুরু করেন।
তরুণদের এই উদ্যোগ দেখতে নদের পাড়ে ভিড় জমান স্থানীয় অনেক মানুষ। তাঁদের মতে, এটি কেবল কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নয়; বরং হারিয়ে যেতে বসা একটি নদকে আবার জীবন্ত করে তোলার আকুল আবেদন।
এদিকে জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভৈরব নদ খনন করা হয়েছিল। তবে খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ২৬৩ ফুট থাকলেও খননের পর তা কমে ১০০ ফুটে দাঁড়িয়েছে। বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও নদটির বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মাঝে হতাশা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড তরুণদের এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে স্বাগত জানালেও নদদূষণ বন্ধ, নিয়মিত পরিচর্যা এবং এর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার ওপর বিশেষ জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
একদিনের স্বেচ্ছাশ্রমে ভৈরবের সব সংকট দূর না হলেও এই মহৎ উদ্যোগের মাধ্যমে শুরুটা হয়েছে একটি সুন্দর স্বপ্নের। ডা. উষার সেই স্বপ্ন আজ আর একার নয়, তাতে শামिल হয়েছেন যশোরের আরও বহু তরুণ-তরুণী