যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে বিশাল এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক নারীর সাক্ষাৎকারের পর ঘটনাটি ঘিরে নতুন করে ইউএফও বা ভিনগ্রহের যান নিয়ে আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অবস্থিত একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে বিশাল আকৃতির এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর বস্তুটি হুট করে অদৃশ্য হয়ে যায়। এই অদ্ভুত ঘটনার ভিডিও ও ছবি ক্যামেরাবন্দী করেছেন সারা জেন অসবর্ন নামের এক নারী, যা নিয়ে বর্তমানে নতুন করে ইউএফও (অশনাক্ত উড়ন্ত বস্তু) বা ভিনগ্রহের যান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে। আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সারা জেন অসবর্ন আকাশে রংধনু দেখতে পান। চলন্ত গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তোলার সময় তিনি দূরের গাছপালার ওপর কালো রঙের অত্যন্ত অদ্ভুত একটি বস্তু দেখতে পান। তার ধারণা অনুযায়ী, রহস্যময় বস্তুটি যে এলাকায় দেখা গিয়েছিল, তার ঠিক পাশেই রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ (জেবিআর) সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমানের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
প্রত্যক্ষদর্শী সারার ভাষ্যমতে, বস্তুটির নিচের দিকে ঝুলন্ত বেশ কিছু অংশ ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। আকাশে সম্পূর্ণ স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি সেটিকে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর বস্তুটি চোখের নিমিষে অদৃশ্য হয়ে যায়। প্রথমে এটিকে সাধারণ কোনো পোকা বা মশা মনে হলেও পরে ভালো করে পর্যবেক্ষণ করে তিনি তার স্বামী পিটকে বিষয়টি দেখান এবং ছবি ও ভিডিও ধারণ করেন। তিনি জানান, বস্তুটির রং ছিল মূলত কালো ও রুপালি এবং সেদিন কোনো ঘুড়ি ওড়ানোর মতো পর্যাপ্ত বাতাস না থাকায় এবং সেটির নড়াচড়া ঘুড়ির গতির সঙ্গে না মেলায় বিষয়টি তাকে অবাক করে।
ঘটনার পরপরই সারা ও তার স্বামী আশপাশের একটি পার্কে গিয়ে খোঁজ নেন যে কেউ ঘুড়ি ওড়াচ্ছেন কি না। কিন্তু সেখানে কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখা যায়নি। এমনকি পরবর্তীতে আর্টিক ভ্যালির দিকে গিয়েও প্রায় ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজি করেও বস্তুটির কোনো সন্ধান পাননি তারা। সারার স্বামীর ধারণা অনুযায়ী বস্তুটি তাদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে এবং কাছাকাছি থাকা একটি ছোট বিমানের তুলনায় সেটিকে অনেক বড় মনে হয়েছিল। তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় সেটি আসলে কত বড় ছিল, তা স্পষ্ট নয়। এছাড়া সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও এর সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো যোগসূত্র বা ভিনগ্রহের প্রাণীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বস্তুডি কোনো ড্রোন, ঘুড়ি নাকি অন্য কিছু ছিল, তা এখনো নিশ্চিত করা যায়নি।